জীবনে খারাপ সময়ে ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন, সফল হবেন
সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় প্রায়শই আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যখন মনে হয় সবকিছুই খারাপ হচ্ছে। অবস্থাটা তখন এমন দাঁড়ায় যে, "অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়!"। জীবনের এই কঠিন সময়টিতে যদি আপনি নিজেকে সামলে রাখতে না পারেন, তাহলে এই অবস্থার মধ্য থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না।
তাই আজ আপনাদের সামনে এমন ১০টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো, যা আপনার সাথে যখন সবকিছু খারাপ ও ভুল হচ্ছে, তখন মনে রাখা আবশ্যক। এই বিষয়গুলো আপনাকে দুঃসময় পার করে সফল হতে সাহায্য করবে।
দুঃসময়ে সফল হওয়ার ১০ উপায়
১. জীবনে সবকিছু সাময়িক (Everything is Temporary)
আপনার জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। আপনি কি কখনও এমন দেখেছেন যে আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে? ঠিক একইভাবে জীবনের খারাপ সময়গুলোও দীর্ঘস্থায়ী হয় না। তাই দুঃসময়ে দিশেহারা হবেন না। বিশ্বাস করুন যে এই সময়ের শেষও আছে।
২. দুশ্চিন্তা ও দোষারোপ কিছু বদলাতে পারে না
অনেকেই আছেন, যারা খারাপ কিছু ঘটলেই হয় নিজেকে নয়তো অন্য কাউকে দোষারোপ করেন, কিংবা দুশ্চিন্তা করে পরিস্থিতি আরও খারাপ করে তোলেন। আপনার এই আচরণ সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করেছে, তা একবার ভেবে দেখা উচিত। তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয়, বরং এই কঠিন অবস্থায় নিজেকে শান্তভাবে সামলে রাখুন।
৩. কিছু জিনিস ঠিকই সঠিক হচ্ছে
অন্ধকারের শেষে যেমন আলো লুকানো থাকে, ঠিক একইভাবে আপনার খারাপ সময়গুলোর আড়ালে নিশ্চয়ই সঠিক কিছু ঘটছে। এই সময় আপনাকে শুধু নিজের সহ্যশক্তি বাড়াতে হবে। তাই এমন সময়ে শুধু খারাপ জিনিসগুলোর প্রতি লক্ষ্য না করে দেখুন আপনার জন্য কী ভালো ঘটছে, তা সামান্য পরিমাণই হোক না কেন।
৪. আপনি এটা সামলাতে পারেন (You Can Handle It)
সময় যত খারাপই হোক না কেন, আপনার সর্বদা এই বিশ্বাস রাখা উচিত যে আপনি এটি সামলাতে সক্ষম। জীবন যখন আপনার, সমস্যাও আপনার, তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে। নিজের প্রতি বিশ্বাস কখনও হারাবেন না।
৫. আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে
যখন সবকিছু আপনার সাথে খারাপ হচ্ছে, তখন নিজের প্রতি যত্নবান হন। কারণ এই খারাপ সময়ের সবটা আপনাকেই অতিক্রম করতে হবে। আপনি নিজেই যদি ঠিক না থাকেন, তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন। তাই এই সময়ে ঠিক মতো খাওয়া-দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটান।
৬. আবেগ ধরে রাখবেন না
কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না। বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতা বেশি দেখা যায়। যত কষ্টই আসুক তা নিজের মধ্যে চেপে রাখলে এর ফল মারাত্মক হতে পারে—মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়াতে পারে এর পরিণতি। তাই পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে আপনি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন।
৭. খারাপ সময়কে মেনে নিন, এগিয়ে চলুন সামনে
মানুষের জীবনে ভালো এবং খারাপ দু’রকম সময়ই আসে। তাই ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন। ভেঙে না পড়ে সামনে এগিয়ে যান। যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন, তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে।
৮. ইতিবাচক চিন্তা করুন (Think Positive)
ইতিবাচক চিন্তা হলো জীবনের দুঃসময় পার করার অন্যতম প্রধান হাতিয়ার। কখনোই আশা হারাবেন না। যেমন:
• চাকরি চলে গেলে নিজেকে বোঝান যে নিশ্চয় এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে।
• প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান যে, আপনি আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারো দিকে এক পা এগিয়ে গেছেন।
৯. ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন
আপনি কি হারিয়েছেন বা কেন হারিয়েছেন—এসব চিন্তা করে অভিযোগ না করে, ভবিষ্যতে আপনার কী কী অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে বরং পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন।
১০. শিক্ষা নিন কঠিন সময়গুলো থেকে
জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। চাকরি হারানো, আর্থিক সমস্যা কিংবা শারীরিক অসুস্থতার সময়গুলোতেই আসলে বোঝা যায়, কে আপনার আপনজন আর কে এতদিন অভিনয় করছিলো। এই শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে। তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয়, বরং আশীর্বাদ হিসেবে দেখুন।
উপসংহার
জীবনে কঠিন সময়কে আপনার সাফল্যের একেকটি সিঁড়ি হিসেবে ভাবুন। এমন মানসিকতা রাখলে আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন। মনে রাখবেন, কথায় আছে, “যে সহে সে রহে।”

কোন মন্তব্য নেই